কক্সবাজারের রামুতে ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে শওকত ওসমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের আদর্শগ্রাম সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত শওকত ওসমান কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন। তিনি মাকে নিয়ে আলাদা থাকতেন। অভিযুক্তরা তারই দুই ভাই সাইফুল ও কাউসার।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে শওকত স্থানীয় এক দোকানে চা খেতে গেলে অভিযুক্ত দুই ভাই সেখানে উপস্থিত হয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। পরে তারা শওকতকে টেনে হিঁচড়ে রেললাইনের পাশে নিয়ে যান। সেখানে তারা ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে শওকতকে গুরুতর আহত করেন।
খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের তথ্যানুযায়ী, সম্প্রতি গ্রামে নতুন একটি ঘর নির্মাণ করে থাকা শুরু করেন অভিযুক্ত দুই ভাই। ওই ঘরের মালিকানা ও ভোগদখল নিয়ে তাদের সঙ্গে শওকতের বিরোধ ছিল। এ নিয়ে আগে থেকেই একাধিকবার তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
পুলিশ আরো জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










