নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ৪১ আসামির মধ্যে ১৪ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতকাল দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আওয়ামী লীগ নেতারা আদালত চত্বরে ভিড় জমান।

জেলহাজতে পাঠানো ১৪ আসামি হলেন মো. শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবির সোনার, বড়াইগ্রাম পৌরমেয়র জাকিরের ভাই মো. জিন্নাহ মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আবদুল আজিজ, আওয়াল, আজগর আলী সোনার, কোরবান মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার এবং মনির হোসেন। 

গত ২৪ জুন নাটোরের বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনসহ মোট ৪১ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। এর মধ্যে মেয়র জাকিরসহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা    করা হয়।