খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কয়েকশ শিক্ষার্থীর একটি মিছিল নগরীর নিরালা মোড়, ময়লাপোতা মোড় হয়ে রয়েল মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলটি ময়লা পোতা মোড়ে পুলিশের বাধার মুখ পড়ে। সেখান থেকে পুলিশকে উপেক্ষা করে বিএমএ ভবনের সামনে গেলে আবার পুলিশের বাধার মুখে পড়েন তারা।

এরপর শিক্ষার্থীরা বিএমএ ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ তাদের উঠিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা শুরু হয়। এক সময় পুলিশি বাধায় শিক্ষার্থীরা সেখান থেকে উঠে যান এবং সাত রাস্তার বিভিন্ন গলিতে অবস্থান নেন।

এর আগে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে নগরীর রয়েল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়েল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি। শিক্ষার্থী মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সেখান থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে খুলনার রয়েল মোড়, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম তাৎক্ষণিভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। কোটা আন্দোলনের সমন্বয়কারীরা খুলনা সার্কিট হাউজে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।