দেশের সব রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করায় নির্বাচনের আকাশের কালো মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন।রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি বলেন, দেশের জনগণ যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠবে।

তিনি ‘তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, ভেদাভেদ ভুলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ করেন।

এ সময় স্থানীয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।