বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব।

তিনি জানান, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের মতো এবারও আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এ অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।