কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় দুই শিশু ও দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের ছেলে আব্দুল্লাহ (১) বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় কবির আহমদের মেয়ে জ্যোৎস্না আক্তার (৮) ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির বাবা-মা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করেন।

একই দিন বেলা ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে একই দিনে তিন শিশু পুকুরে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।