নারায়ণগঞ্জ-চাঁদপুর-হিজলা-উলানিয়া নৌপথ পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুটটি পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, নদীর গতিপথ বারবার পরিবর্তন হচ্ছে। একদিন আগে যা দেখে যাচ্ছি তা একদিন পরেই পরিবর্তন হচ্ছে। এটা শুধু আমিই দেখছি না, আমাদের মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএ' র কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত এসব পর্যবেক্ষণ করছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোনো কিছুই নজরদারির বাইরে নয়। তিনিও সবকিছু তদারকি করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নদী পথের উন্নয়ন করার জন্য।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্ধিত ১০ হাজার কিলোমিটার নৌপথ আমরা বাংলাদেশে বাস্তবায়ন করবো। এর লক্ষ্যে দেশের ৫৩টি নদী নতুনভাবে খনন করা হচ্ছে। আর যে নৌ পথগুলো আছে সেগুলো নদী মেইনটেইন্সেন ড্রেজিং করা হচ্ছে।
এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রহিমসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










