নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক আরোহী আহত হন। নিহত আবদুল্লাহ আল মামুন খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

গতকাল বেলা ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের তিনশ ফুট সড়কের ভূঁইয়া বাড়ি ৫ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, উল্টো পথে মোটরসাইকেলটি আসছিল। এ সময় অন্যদিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দিলে চালক মামুন ছিটকে পড়ে যান এবং তার মাথা থেতলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরেক আরহী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-১ (সিপিসি-৩) ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।