সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা।
এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা হয়েছেন- এ গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
এরপরই নিজেকে অসুস্থ দাবি করেন জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।
জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তিনি সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন এবং নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন।
পুলিশ জানিয়েছে, টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টাকা বহনের বিষয়টি শনাক্ত হয়েছিল ঢাকা থেকেই
বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান বিপুল অংকের টাকা নিয়ে ভ্রমণ করছেন বিষয়টি ঢাকা থেকেই শনাক্ত করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে অভ্যন্তরীণ রুটে একজন যাত্রী কত টাকা বহন করতে পারবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সীমা না থাকায় তখন কোনো বাধা দেয়া হয়নি।
আজ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, টাকাটা যে নিয়েছে এটা আমরা আমাদের স্ক্রিনিংয়েই আইডেন্টিফাই (শনাক্ত) করেছি যে টাকাটা ক্যারি হচ্ছে। যেহেতু টাকার বিষয়টা একটু বড়, এ কারণে কাস্টমসে আমরা শুধু একটু ভেরিফাই করেছি যে এটাতে তাদের কোনো সমস্যা আছে কি না। যদিও এটা কাস্টমসের একেবারেই এখতিয়ার বহির্ভূত। তারা মূলত কাজ করে দেশের বাইরে থেকে অ্যারাইভিং প্যাসেঞ্জারদের ক্ষেত্রে।
তিনি আরো বলেন, বিষয়টি এমন নয় যে কাস্টমস ক্লিয়ারেন্স দিয়েছে বলেই আমরা টাকা পরিবহন করতে দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনের অ্যামাউন্টের কোনো সিলিং নির্ধারণ করে দেয়া নেই।














