বাজেটের চারগুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেই টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে তার পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। তা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ। চোরেরা, লুণ্ঠনকারীরা বিদেশে পাচার করে দিয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে ওটা বের করে আনব ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপর ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, সে এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে। মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছন জামায়াতে আমির।
তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমরাও তার অন্তর্ভুক্ত হব। এই জমিনের আর কারও কাছে বন্ধক রাখা হবে না। আমি যে জিনিসগুলো বলছি এখন, আপনারা ‘জি’ বললেন- এগুলোই বাস্তবায়নের জন্য গণভোট। ইনশাআল্লাহ ১২ তারিখ প্রথম ভোট হবে, গণভোটে ‘হ্যাঁ’। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জোয়ার তুলতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’-এর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে তারা আবারও ফ্যাসিবাদ চায়। ‘হ্যাঁ’-এর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে তারা আবারও পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন চালু করতে চায়।
মাত্র ৫ বছরে বাংলাদেশের অর্থনীতির মানচিত্র পাল্টে দেয়া সম্ভব জানিয়ে জামায়াতে আমির বলেন, চুরি হবে না, চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না। দেখবেন, আপনারা যদি এই জায়গাতে ভোট দেন, বাংলাদেশ বদলে গেছে।















