টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
অফিসপাড়া হিসেবে পরিচিত আগ্রাবাদ এলাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা গেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের সড়কসহ পুরো এলাকায় কোমরসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে কষ্ট করে অফিসে পৌঁছালেও জলাবদ্ধতার কারণে দিনভর অফিস থেকে বের হতে পারেননি।
আগ্রাবাদে অসংখ্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা থাকলেও জলাবদ্ধতার কারণে গ্রাহক উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। এতে ব্যাংকিং কার্যক্রমও আংশিকভাবে ব্যাহত হয়েছে।
আগ্রাবাদ ছাড়াও কাতালগঞ্জ, কাপাসগোলা, ফরিদারপাড়া, চান্দগাঁও, চকবাজারের তেলিপট্টি গলি, কাট্টলীর ঈশান মহাজন সড়ক এবং হালিশহরের কে অ্যান্ড এল ব্লক, সোনালী আবাসিক, বসুন্ধরা আবাসিক, রামপুর ও আনন্দীপুর এলাকায়ও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।










