৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে গতকাল ২১ ফেব্রুয়ারি সকাল থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ঝড় সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উত্তর বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী আটটি জাহাজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ নৌবন্দর থেকে আটটি জাহাজে করে প্রায় পাঁচ হাজারের মতো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। এর মধ্যে প্রায় দুই হাজারের মতো পর্যটক একই দিন বিকালে আটটি জাহাজে করে ফেরত এলেও রাতযাপনের জন্য সেন্ট মার্টিনে রয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। তারা দ্বীপের বিভিন্ন হোটেল-কটেজে অবস্থান করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়ার সতর্ক সংকেত কেটে গেলে সেন্ট মার্টিনে থাকা পর্যটক ফেরত আনা হবে।










