ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। রোববার (৫ জানুয়ারি) ব্যাটালিয়নটি নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
কুমিল্লা সেক্টরের অধীন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে ৯৪৫ পিস ভারতীয় ইয়াবা ও ১১২ কেজি গাঁজা আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়কে অবহিত করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ সীমান্তে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে বলে তারা নিশ্চিত করেছেন।










