মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম হোসেন (২১) ও আবদুল্লাহ আল বাকি (২০) নামে দুই কলেজছাত্র মারা গেছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে ও আবদুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আবদুল্লাহ। আকুবপুর এলাকায় পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (রেজিস্ট্রেশন নম্বর: কক্সবাজার জ-০৪-০০২১) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সিয়াম। গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে।