গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

এক বিবৃতিতে গতকাল আইপিডি বলেছে, প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়া, এক যুগের বেশি জনভোগান্তি ও এরই মধ্যে প্রায় ৩ হাজার কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ের পর প্রকল্পটি বাতিলের পরিবর্তে অবশিষ্ট কাজ সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা ছিল অধিকতর যৌক্তিক, পরিকল্পনাগতভাবে ফলপ্রসূ, অর্থনৈতিকভাবে লাভজনক ও জনস্বার্থসম্মত সিদ্ধান্ত। প্রাইভেট বাস মালিক ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিআরটি প্রকল্প বাতিল করে সাধারণ মহাসড়কে রূপান্তরের উদ্যোগ রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার, টেকসই পরিবহন পরিকল্পনা ও গণপরিবহনবান্ধব নগরায়ণের নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিআরটি অবিলম্বে চালু করতে পরিকল্পনাগত বিশ্লেষণ সাপেক্ষে পরিকল্পনাবিদদের দাবি এবং গাজীপুরবাসীর চাহিদাকে উপেক্ষা করে গোষ্ঠীস্বার্থে বিআরটি প্রকল্প বাতিল সরকারের গণপরিবহনভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করে আইপিডি।