কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুজনের মধ্যে একজন নারী। তার নাম তানিয়া আক্তার (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহত আরেকজন পুরুষ। বয়স আনুমানিক ৫০, তবে পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া-ঘোড়ামারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, ট্রাকের ডান চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে করে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন।










