জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব। একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ি, সমতল, নিম্নাঞ্চল এবং সব জাতি, বর্ণ ও শ্রেণীর মানুষদের নিয়ে আমরা একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। একটি শ্রেণী সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণী ভূখা থাকবে, এটা আমরা হতে দেব না। আগামী ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এ ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে তিনি বলেন, সিলেট বিমানবন্দর পূর্ণমানের আর্ন্তজাতিক বিমানবন্দর না হওয়ার কারণে শুধু বিমানের উঠানামা হয়, তাও লন্ডন থেকে। আর মাঝে-মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে দুয়েকটা বিমান সিলেট হয়ে ঢাকা যায়। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। দুটি বিমানবন্দরে এ বিমানগুলো নামে। কিন্তু সিলেটে আসে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে এ অঞ্চলের মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে। যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে ফ্লাইট সিলেট আবার আসবে।

তিনি আরো বলেন, এ দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এ জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।