মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ঘিরে চলা উত্তেজনা প্রশমিত হয়েছে। গতকাল সারাদিন বাড়িটি ঘিরে কড়া নিরাপত্তায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরিয়ে নেয়া হয়েছে বাড়িটির অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেয়ার জন্য আনা এক্সক্যাভেটর। ওই বাড়ি ও ৩২ নম্বর সড়কটিতে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গতকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেয়। এ কর্মসূচি ঘিরে কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। তবে ঢাকার বাইরে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এছাড়া মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়, ময়মনসিংহের গফরগাঁও ও সাভারের আশুলিয়ায় পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল সরজমিনে দেখা যায়, ৩২ নম্বর সড়কের দুই মাথায় বসানো হয় চেকপোস্ট। যেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আর বাড়িটির সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।
সেখানে দায়িত্বে থাকা ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর মো. খলিলুর রহমান বণিক বার্তাকে জানান, সোমবারের ঘটনার পর থেকে আপাতত শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের সড়কটিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্দেশনা পেলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এদিকে সড়কটির দুই প্রবেশমুখে হঠাৎ নিষেধাজ্ঞা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। তারা জানান, এ দুই গেট দিয়ে নিয়মিত যাতায়াত করা হলেও হঠাৎ নিষেধাজ্ঞা দেয়ায় বেগ পেতে হচ্ছে তাদের।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি পুনরায় ভাঙতে চাওয়াকে কেন্দ্র করে সোমবার দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।










