প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল লন্ডনে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠককে সামনে রেখে লন্ডন গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘খসরু ভাই মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।’
এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে। এ বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।
ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।










