জীবিকার অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশী যুবক একরামুল হকের (৩৪)। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে আফ্রিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ।

পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান একরামুল। পরদিন রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ বাংলাদেশী একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একরামুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে সেখানে তার মৃত্যু হয়।

নিহত একরামুল হক ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ব্যক্তিগত জীবনে তার এক মেয়ে (৩) ও চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে। একরামের মরদেহ দেশে আনার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে।