করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ উত্তোলন করা ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।
কামরুজ্জামান বলেন, কভিড-১৯ পরীক্ষা বাবদ উত্তোলন করা সরকার নির্ধারিত অর্থ সঠিকভাবে কোষাগারে জমা হয়েছে কিনা তা দেখতে জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিয়াজ মোহাম্মাদের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে উঠে আসে ফি উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত হয়ে চলতি বছরের জুলাই পর্যন্ত গত এক বছরে প্রকাশ কুমার দাস ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাত্ করেছেন।
ওই ঘটনায় চলতি বছরের ২৭ সেপ্টেম্বর খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করা হয়।










