সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
পোস্টে তিনি লেখেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার কয়েক দশক ধরে প্রমাণিত। আশা করি, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়তা করবেন।
১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান আজ দেশে ফিরেছেন। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট হয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিন বিকাল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










