প্রতারণার করে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নাটোরের দুটি উপজেলায় অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ও গতকাল জেলার লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলায় অভিযান চালিয়ে এসব ইমো হ্যাকার চক্রের সদস্যদের আটক করা হয়।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রের সদস্যরা প্রবাসীদের টার্গেট করে ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও পুনরায় তারা একই কাজে জড়িয়ে পড়ে।

সম্প্রতি বেশকিছু গণমাধ্যমে ইমো হ্যাকার চক্রদের নিয়ে সংবাদ প্রকাশ হলে ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।