নাটোরের সিংড়ায় ও বড়াইগ্রামে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সেলিম নামে অন্য এক কৃষক।
মৃতরা হলেন উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (২৮) এবং ভবানীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বেলাল মিয়াজী (৪৫)।
সিংড়ার ইউপি সদস্য আক্কাস আলী জানান, গতকাল সকালে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির হাঁস চরাতে বাইরে যান ফাতেমা বেগম। হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে বাড়ির লোকজন খোঁজাখুুঁজি করে মাঠে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সেলিম নামের আরেক কৃষক। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে ভবানীপুর বিলে ধান খেতে কাজ করছিলেন বেলাল। পাশের জমিতে সেলিমও কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের আর আহত হন সেলিম। পরে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










