নরসিংদী কারাগার থেকে গত ১৯ জুলাই লুট হওয়া আরো কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগাজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম। এ নিয়ে কারাগার থেকে লুট হওয়া ৮৫ অস্ত্রের মধ্যে ৫৩টি উদ্ধার করা হলো।

গতকাল ও আগের দিন নরসিংদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রকিব ও লেফট্যানেন্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলির ঘোড়াদিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনী।

গতকাল দুপুরে নরসিংদী স্টেডিয়ামে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. ফাহিম মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতে অস্ত্রগুলো সদর থানার ওসি তানভীর আহমেদের কাছে হস্তান্তর করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, নরসিংদী কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। কোটা সংস্কার দাবিতে ১৯ জুলাই সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ হাজারো জনতা কারাগারের দিকে এগোতে থাকে। সেখানে প্রথমে ইটপাটকেল, পেট্রলবোমা নিক্ষেপ করে। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের নিবৃত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কারারক্ষীরা পিছু হটে। তখন হামলাকারীরা কারাগারের দুদিকের ফটক অনেকটা ভেঙে ভেতরে ঢোকে এবং অগ্নিসংযোগ করে। এ সময় হামলায় চার কারারক্ষী গুরুতর আহত হন। কারাগার থেকে লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র ও ১ হাজার ১৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চায়না রাইফেল ৪২টি, শটগান ১১টি, চায়না রাইফেলের গুলি ১ হাজার ১১০ রাউন্ড এবং শটগানের গুলি ৪৩ রাউন্ড।