ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকার গুলশানে রাষ্ট্রদূতের বাসায় ইইউ অন্তর্ভুক্ত ৮টি দেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধিরা হলেন— জার্মানির রাষ্ট্রদূত মান্যবর আচিম ট্রোস্টার, ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উওদস্ট্রা।
সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়।










