জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। সে অর্থ দিয়ে দেশের সবচেয়ে বেশি বঞ্চিত ও নির্যাতিত এলাকাগুলো থেকে উন্নয়নের যাত্রা শুরু করা হবে।
আজ শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, ফ্যাসিবাদ ও বিচারহীনতার সংস্কৃতি উপহার দিয়েছে। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, আমরা যদি সুযোগ পাই, তবে আমাদের হাত হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না।
জামায়াত আমির বলেন, মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। এটার কোনো সুযোগ কাউকে দেয়া হবে না।
তিনি আরো বলেন, দেশে আর কাউকে ব্যাংক লুণ্ঠন করে নেতা বানানো হবে না। শেয়ার বাজার লুটপাট কিংবা বিভিন্ন প্রকল্প থেকে অর্থ চুরি করে বিদেশে পাচারের সুযোগ বন্ধ করা হবে।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে এ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।















