খুলনায় ইজিবাইকচালক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বাবু হোসেন (২১), জাহিদুল ইসলাম নয়ন (১৯), ফয়সাল হাওলাদার (১৯) ও আবু রায়হান (১৯)। তারা খুলনা নগরের লবণচরা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে তিনআসামি উপস্থিত ছিলেন। আবু রায়হান পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকায় কুয়েত মসজিদের সামনে থেকে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে মামলা করেন।

লিটন বলেন, ২০১৯ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের এসআই নাসির উদ্দিন মোল্লা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।