নাটোরে একটি মেছোবাঘ পিটিয়ে হত্যা করার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে গ্রামবাসী। বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানালেও গুরুত্ব দেয়নি নাটোর বন বিভাগ। তাদের উদাসীনতার কারণে বন্যপ্রাণী হত্যায় উৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ। পরে বন বিভাগের একজন কর্মচারী পাঠিয়ে মৃত মেছোবাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার মিরাজ আলীর হাঁসের খামারে আক্রমণ করে একটি মেছোবাঘ। এ সময় খামারমালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বিষয়টি গণমাধ্যমকর্মীরা নাটোর বন বিভাগকে জানালেও তারা কর্ণপাত করেনি।

গতকাল নাটোর বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়।

সকালে ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করে নিয়ে আসে এবং ভবিষ্যতে এভাবে বন্যপ্রাণী হত্যা না করার অনুরোধ জানিয়ে আসে। পরে বাঘটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।