নির্বাচন আসে, নির্বাচন যায়। কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। আমাদের কথা কেউ মনে রাখে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন এলেই বিভিন্ন দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট চাইতে আসেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালান; কিন্তু নির্বাচন চলে গেলে আর তাদের দেখা মেলে না।
নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন, আমাদের প্রত্যাশা থাকবে কৃষকদের প্রয়োজনীয় সার-বীজ-জ্বালানি তেল ও কীটনাশকের দাম সহনীয় থাকবে।
সরকার আমাদের কষ্টের উৎপাদিত ধান-পাট-শাকসবজিসহ অন্যান্য কৃষিপণ্যের দাম উৎপাদন খরচ বাদ দিয়েও লাভজনক পর্যায়ে রাখার পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করি। বিগত কোনো সরকারের আমলে বাজার নিয়ন্ত্রিত ছিল না। সরকারি পর্যায়ে যে দাম নির্ধারণ করা হয়, বাজারে বিক্রি হয় আরেক দামে। এতে বঞ্চিত হন গ্রামের কৃষকরা।














