ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাকবোঝাই ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ভোলা-ইলিশা মহাসড়কের পানের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।

কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সূত্র জানায়, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ট্রাকে করে ভোলার চরফ্যাশন থেকে ঢাকায় পাচার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা শহরের পানের আড়ৎ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন কয়েকটি ট্রাকে তল্লাশি চালায় তারা। অবশেষে তিনটি ট্রাকে ককশিটের মধ্যে বরফ দেয়া ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ মাছের পরিমাণ আনুমানিক ১ হাজার ১৪০ কেজি। পরে ট্রাকসহ জব্দ মাছ ভোলা খেয়াঘাট বিজিবি বেইস কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে নেয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া জানান, বর্তমানে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময় সমুদ্রে মাছ ধরা, বিপণন ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে জব্দ মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।