প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ দেয়া হবে। আজ শনিবার সিলেটে 'গ্লোবালাইজিং সিলেট' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। আমাদের দেশে জমি কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধাসহ আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক এ আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

তিনি আরো বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগ করবে। এতে পারিবারিক বন্ধনও শক্ত হবে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। এছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে।

তিনি জানান, গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একইসঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।

সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী ছিলেন।