জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যা য়না।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, যখন তারা (বিএনপি) আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারছে না, তখন ঐক্যের কথা বলছে, তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আজও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি।
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি। জামায়াতের সঙ্গে তারা এজেন্ডাভিত্তিক জোট করলেও আদর্শিক কোনো জোট করেননি বলেনও জানান তিনি।
সামান্তা শারমিনের পদত্যাগ প্রশ্নে নাহিদ সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য শুভকামনা।










