সাতক্ষীরার মসলা বাজারে দাম কমেছে পেঁয়াজের। এক সপ্তাহের ব্যবধানে খুচরা ও পাইকারি পর্যায়ে কেজিতে দরপতন হয়েছে ৮-১০ টাকা। ব্যবসায়ী ও আড়তদাররা জানান, বাজারে সরবরাহ বাড়ায় মসলাপণ্যটির দামে প্রভাব পড়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ৪০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৪৮-৫০ টাকা। বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় পাইকারিতে দাম কমেছে পেঁয়াজের। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
বড় বাজারের পাইকারি মসলা বিক্রয় আড়ত মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে পাইকারিতে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১ হাজার ৮০০ টাকা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, চলতি মৌসুমে জেলায় ৬৫০ হেক্টর জমিতে ৭ হাজার ৮০০ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।










