চট্টগ্রামে টানা বৃষ্টির মধ্যে সীতাকুণ্ড ও নগরীর পাঁচলাইশে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এবং দুপুরে নগরীর চশমা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সকাল ৯টার দিকে পাহাড়ের পাদদেশে থাকা একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়। তানভীর ওই এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক উত্তর কুমার রাজবংশী জানান, পুলিশ ঘটনাটি জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটিকে দাফন করেন।

অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় দুপুরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ১২ বছর বয়সী সুমাইয়ার মৃত্যু হয়। সে ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় সুমাইয়ার বাবা-মা ঘর থেকে বের হতে পারলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে মাটিচাপা অবস্থায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।