রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ টন মেশিনারি
পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে আফ্রিকার পতাকাবাহী জাহাজ এমভি আনকা সান। আজ বৃহস্পতিবার
বিকেলে পণ্যবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। গত ৩০ সেপ্টেম্বর
মোংলার উদ্দেশে রাশিয়ার নোভোরসিস বন্দর ত্যাগ করে জাহাজটি।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পন্য খালাস শুরু করা হবে বলে
জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিংয়ের ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। এই চালানে
এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ টন মেশিনারি পণ্য এসেছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে সড়কপথে
মেশিনারিগুলো রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রে পাঠানো হবে।
এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ টন মেশিনারি
পণ্য নিয়ে দুটি জাহাজ এ বন্দরে এসেছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মো.মাকরুজ্জামান
বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বেশিরভাগ মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর থেকে
এসেছে। সেই ধারাবাহিকতায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু রেল সেতু,
মেট্রোরেলসহ বেশকিছু মেগা প্রকল্পের মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।










