জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘টেলিভিশন ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এতে আমাদের আপত্তি নেই। তবে এর আগে আমরা গণহত্যার দৃশ্যমান বিচার ও সংস্কার চাই। একই সঙ্গে এর মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে গতকাল জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আখতার হোসেন বলেন, ‘জুলাই ঘোষণাপত্র পাঠকে এনসিপি স্বাগত জানিয়েছে। কারণ এটি আমাদের দাবিও ছিল। তবে এর মধ্যে কিছু বিষয় সংযুক্ত করা হয়নি। আরো গ্রহণযোগ্য করতে খসড়ায় আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম। সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।’










