ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চারটি ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুটি ফেরি নোঙর করে রাখা হয়। পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে ৬টি ফেরি আটকে রাখা হয়েছে।

এদিকে, রাত ১টার পর যমুনা নদীর নৌপথে কুয়াশা আরো ঘন হয়ে গেলে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে খান জাহান আলী নামে একটি ফেরি । পরে আরিচা ও কাজিরহাট ঘাটে চারটি ফেরি আটকে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় চারটি ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকি যানবাহনের মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।