নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর ন্যস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের মামলাটি জটিল ও গুরুত্বপূর্ণ। এই মামলাটি নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত প্রয়োজন। এ কারণেই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আজ রাতের মধ্যেই ফতুল্লা থানা পুলিশকে মামলার ডকেটসহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দিতে বলা হয়েছে। এদিকে মামলার তদন্তভার হাতে পেয়েই নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা বাবুল হোসেনের নেতৃত্বে একটি টিম পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শন করেন। এসময় ঘটনার প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারসহ বিভিন্ন তথ্য উপাত্ত, আলামত সংগ্রহ করেন তারা।
সরেজমিন পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন বলেন, ঘটনার পর থেকেই সিআইডি পুলিশ মামলাটির ছায়া তদন্ত করে আসাছিল। ঘটনার পর থেকেই আমরা এরই মধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। আজ তদন্ত কর্মকর্তা হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে তিসাস গ্যাস, মসজিদ কমিটিসহ সংশ্লষ্টদের কর্তব্যে গালিফতি ও অবহেলাসহ সাতটি কারণ উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় মসজিদের বিদ্যুৎ সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ, মসজিদের নিচ দিয়ে বৈধ বা অবৈধ গ্যাস সংযোগসহ বেশ কয়েকটি বিষয়ে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।










