গাইবান্ধায় ডাক বিভাগের ইডি (জরুরি ডাক সরবরাহকারী) কর্মচারীরা বেতন বাড়ানোসহ ছয় দফা দাবি জানিয়েছেন। গতকাল গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দুর্বিষহ জীবনের বর্ণনা তুলে ধরে এ দাবি জানান তারা।
ইডি কর্মচারীরা জানান, গাইবান্ধা ডিজিটাল ডাক বিভাগে ৩০০ কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা ৪ হাজার ৪৬০ টাকা বেতনে চাকরি করছেন। সামান্য এ অর্থ দিয়েই তাদের সংসারের ব্যয় পরিচালনা করতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো মুশকিল হয়ে গেছে। শখ করেও মাসে বা ছয় মাসে পরিবারের জন্য এক কেজি গরুর মাংস কিনতে পারেন না।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—ডাক বিভাগে ইডি প্রথা বাতিল, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত, পর্যায়ক্রমে ইডি কর্মচারীদের রাজস্ব খাতে সংযুক্ত, এক অভিন্ন নিয়োগ কাঠামো চালু, প্রতিটি ডাকঘরের ভবন নির্মাণ ও বিভাগীয় অফিসের মতো শাখা ডাকঘরগুলোয়ও সব সেবা চালু করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিজিটাল ডাক বিভাগের কর্মচারী আবু জাহিদ, রবিউল ইসলাম, ইদ্রিস আলী শেখ, তফিজুর রহমান তারা, আজিজার রহমান, শাহজাহান মিয়া, আমিনুল হক, মোসলেম উদ্দিন, আব্দুল হালিম প্রমুখ।










