সিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক শিশু চুরির মামলায় আল্পনা খাতুন (২৭) নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আল্পনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান মাসুদ জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন প্রসব বেদনা অনুভব করলে তাকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। সেদিন বিকালে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় আল্পনা খাতুন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে কামারখন্দ উপজেলার আলোকদিয়া গ্রামের সোলায়মান হোসেনের বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে।

এ সময় পুলিশ আল্পনা খাতুনসহ তার স্বামী রবিউল ইসলাম, মিনা খাতুন, মায়া খাতুন ও ছায়রন বেওয়াকে গ্রেফতার করে। পরে নবজাতকের পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন।