বিএনপি-জামায়াত জোটে ভাঙ্গন বিষয়ে সম্প্রতি প্রশ্ন এড়িয়ে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে জামায়াত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সবসময় আছে এবং থাকবে।
আজ মঙ্গলবার সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৫ সালে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানুষের মানবাধিকার লংঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তাহলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সঙ্গে থাকবে। জনগণ তাদের আর সেই কাজ করার সুযোগ দেবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে হিসেবে রাজশাহীতে একটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র খুব সহসা স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে, আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে- যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।
‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত তিনতলা টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় রয়েছে অফিস কক্ষ।










