নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই। এ ঘটনায় ঘাতকের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল বিকালে উপজেলার ব্রাহ্মন্দী ষাঁড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাইয়ের নাম ফজলুল হক (৬৫)। ঘটনার পর থেকে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫) পলাতক। তাদের বাবা মৃত গণি মিয়া।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনব্যাপী ঝড়-বৃষ্টির কারণে বাড়ির একটি কলাগাছ পড়ে ফজলুল হকের ব্যবহূত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এ সময় সে ছোট ভাইকে ডেকে নতুন বালতি কিনে দিতে বলে। এ নিয়ে তর্কবিতর্ক থেকে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫), তার
স্ত্রী সেলিনা বেগম (৫০) ও ছেলে সাকিব (২২) মিলে ফজলুল হককে মারধর করে। এক পর্যায়ে এবাদুল্লাহ বড় একটি ইটের টুকরো দিয়ে ফজলুল হকের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ফজলুল হক।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে এবাদুল্লাহ ও তার ছেলে পলাতক। তবে এবাদুল্লাহর স্ত্রীকে আটক করা হয়েছে।










