বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বর ও হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে জড়ো হয়েছেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। তাদের কেউ এসেছেন আলবিসেলেস্তেদের জার্সি গায়ে, কারো হাতে পতাকা, ভুভুজেলা কিংবা প্রিয় খেলোয়ার লিওনেল মেসির পোস্টার। প্রিয় দলের খেলা দেখতে বন্ধু কিংবা পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন তারা।
এদিকে ফুটবলপ্রেমীদের মাঝে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে যে উন্মাদনা তা অনুভব করতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান লান্দে। গতকাল সকালে নিজের দলবল নিয়ে ঢাকায় পা রেখেছেন তিনি। সাংস্কৃতিক দূত হিসেবে আসা লান্দের এ সফর চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।
বাংলাদেশী সমর্থকদের অভূতপূর্ব ফুটবল আবেগকে ধারণ করতে এ সফরে ড্যান লান্দে ও তার টিম বড় পর্দায় আর্জেন্টিনার দুটি ম্যাচ উপভোগ করবেন। আজ রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠেয় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি তারা ঢাবির হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে বসে দেখবেন। বিশেষ এ মুহূর্তে তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এরইমধ্যে খেলা দেখাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা মুহসিন হলের মাঠে জড়ো হতে শুরু করেছেন। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ফুটবল ম্যাচ ছাড়াও লান্দের এ সফরে রয়েছে এক জমকালো আয়োজন। আগামী ২৪ জুন দুপুর ২টায় মহাতারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ফ্ল্যাশমবের আয়োজন করেছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। আর্জেন্টিনার এ প্রতিনিধি দল সে পর্বেও অংশ নেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই এ সফরের আয়োজন। লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে। সফরসূচি অনুযায়ী তারা পুরান ঢাকার অলিগলি, ঢাবি এলাকা, মুহসিন হল, আমিনবাজার ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে ফুটবলপ্রেমীদের সঙ্গে মতবিনিময় করবেন।















