হিংসা, বিদ্বেষ ও মনোমালিন্য ভুলে এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলার মতিহারাতে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

ছবি- বণিক বার্তা
দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই নেতা বলেন, বিএনপিকে জনগণের কাছে একটি সুশাসনের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া নির্বাচনে সমর্থন দেয়ায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. জাহিদ হোসেন আরো বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তার মাধ্যমে এই এলাকার মানুষের সব সমস্যা সমাধান করা হবে। দিনাজপুর-৬ আসনকে উন্নয়নের ছোঁয়ায় রাঙিয়ে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, এ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। জাহিদ হোসেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়েছেন।














