লক্ষ্মীপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়ার (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত বেলায়েত হোসেন ভূঁইয়া জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের হেদায়েত উল্যা ভূঁইয়ার ছেলে। তিনি পালক পুত্র হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে জেলা কারাগারে পাঠায় আদালত। 

জেলা কারাগারের ডেপুটি জেলার শাখাওয়াত হোসেন জানান, কয়েদি বেলায়েত হোসেন ভূঁইয়া দীর্ঘদিন প্যারালাইসিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েদি বেলায়েতকে মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল জানান, কারারক্ষীরা বেলায়েত নামে একজন কয়েদিকে সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই কয়েদির মৃত্যু হয়েছে।