মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি মাছ ধরার নৌকা এবং ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার ও আটক করা হয়।
শুক্রবার (২৬ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান চালায়।
অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের মাছ ধরার নৌকা আটক করা হয়।
পরে নৌকা দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন এবং ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। ‘এফবি নিঝু রাব্বি’ থেকে উদ্ধার করা হয় ১১ জন এবং ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট।
অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের, জব্দ করা নৌকা এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










