সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৩ শিশুর। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৩৮ শিশুর মধ্যে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৮০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ শিশু।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হামে বরিশাল বিভাগের ২ শিশু ও ঢাকা বিভাগের ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে সারা দেশে ১ হাজার ২৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪৫৫ জন ঢাকা বিভাগের।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩০ শিশু। ছাড়া পাওয়া শিশুদের মধ্যেও সবচেয়ে বেশি ৪১৮ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ১২৮ শিশু। এ সময় ৮ হাজার ৬৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১ হাজার ১২০ জন।