নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা  বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির  প্রকৌশলীসহ আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার বিকালে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলায় সিআইডি পুলিশ গত শনিবার তিতাসের আট কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান। 

এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রেফতারের পর সিআইডি পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। 

আসামিপক্ষের আইনজীবী আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাবেন না বলে আদালতে আশ্বস্ত করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৫০০ টাকার বন্ড শর্তে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতনামাদের আসামি করে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। এই মামলায় তিতাসের ওই আট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক মিয়াকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।  আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।