জলসীমায় আইন অমান্য করে মাছ ধরার সময় ১৯টি বোটসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে ২৯ বাংলাদেশী ও ৯৩ রোহিঙ্গা। গতকাল দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশকিছু বাংলাদেশী ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরছিল। পরে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯টি বোটসহ ১২২ জেলেকে আটক করা হয়।

আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন সিয়াম-উল-হক।

সম্প্রতি আইন অমান্য করে বাংলাদেশী বোটগুলো শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। ফলে প্রায় প্রতিদিনই মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জেলেদের আটক হওয়ার ঘটনা ঘটছে।